দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরে ধর্ষণ মামলায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. কলিম উদ্দিন ওরফে কালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার (২৩ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত কলিম উদ্দিন ওরফে কালু মেম্বর মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত আব্দুল মজলের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি হিসেবে মশারি টাঙাচ্ছিলেন ওই নারী। এ সময় আসামি কলিম উদ্দিন ওরফে কালু পেছন থেকে তাকে জাপটে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় পরদিন সকালে ওই নারীর মা পারভীনা খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলাটির নম্বর ১০২।
মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন। একই সঙ্গে রায়ের পর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুস্তাফিজুর রহমান তুহিন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, তরুণ কুমার ও অ্যাডভোকেট একেএম শফিকুল আলম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মুস্তাফিজুর রহমান তুহিন বলেন, আসামি কলিম উদ্দিন ওরফে কালু প্রভাবশালী হওয়ায় মামলার সাক্ষীদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আদালতে সাক্ষ্য দিতে আসতে ভয়ভীতি দেখিয়েছিলেন। এমনকি মামলার বাদীকেও হুমকি দিয়ে মামলা আপস করতে বাধ্য করার চেষ্টা করা হয়।
তিনি আরও বলেন, আসামির ডিএনএ পরীক্ষা ও ভুক্তভোগী নারীর শারীরিক পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া যায়। অপরাধী যতই প্রভাবশালী হোক, অপরাধ করে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না—এই রায়ের মাধ্যমে সেটিই প্রমাণিত হয়েছে।
কেএম